
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং রেস্টুরেন্ট পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কুয়াকাটার হোটেল পৌষি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিন বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কুয়াকাটার আরও কয়েকটি হোটেল-রেস্টুরেন্ট পরিদর্শন করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিন বেগম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
স্থানীয়দের দাবি, পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের নিরাপদ খাবার নিশ্চিত করতে এমন নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।

