
শিরোনাম:
দশমিনায় ইয়াবা ও নগদ ২ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মো. বেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের নবাব কাচারী ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বহরমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে মো. নিরব (২০) এবং একই ইউনিয়নের মো. সবুজ মৃধার ছেলে মো. রুবেল মৃধা (৩০)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ ও নাজমুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় নবাব কাচারী ব্রিজ এলাকায় ইয়াবা বিক্রির সময় নিরব ও রুবেলকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ টাকা জব্দ করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার বেলা ১১টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
