
বাউফল শহরের প্রাণকেন্দ্র পাবলিক মাঠে মেলা আয়োজনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পাবলিক মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইমরান হুসাইন, মামুন খান, রিফাদ তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, “পাবলিক মাঠ বাউফলবাসীর ক্রীড়াচর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। সেখানে বাণিজ্য মেলা বসানো সম্পূর্ণ অনুচিত ও অগ্রহণযোগ্য।”
বক্তারা আরও বলেন, “সামনে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, এছাড়া অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই মেলার কারণে শিক্ষার্থীদের প্রস্তুতি বিঘ্নিত হচ্ছে। তাছাড়া শব্দ দূষণ, মলমূত্র ত্যাগ এবং যানজটের কারণে এলাকাবাসীর ভোগান্তি বাড়ছে।”
স্থানীয়রা জানান, মেলার আশপাশেই হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা ও শিশু বিদ্যালয় রয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত মেলা বন্ধের দাবি জানান এবং বলেন, “অবিলম্বে মেলা বন্ধ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
মানববন্ধন চলাকালে মেলার কয়েকজন আয়োজক অংশগ্রহণকারীদের হুমকি দিয়ে কর্মসূচি বানচালের চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেছেন বক্তারা।
এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, খেলার মাঠ যেন শুধুমাত্র জনকল্যাণমূলক কর্মকাণ্ড, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের জন্য সংরক্ষিত থাকে।


