
স্টাফ রিপোর্টার: পটুয়াখালীতে বেসরকারি কেক উৎপাদনকারী প্রতিষ্ঠান সফট বাইট–এর ম্যানেজার ফয়সাল বাদশার মৃত্যু এবং প্রতিষ্ঠানটির মালিক ইমাম হোসেন সাদিককে আটকের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। এতে নিহতের বন্ধু-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে সফট বাইটের কো-ফাউন্ডার রুমপা আক্তার আধুরী, অ্যাডভোকেট অলিউল্লাহ, মুহাইমিন মোহাম্মদ অনিক, এসএম হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর রাকিব আকন ও আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আবেগতাড়িত হয়ে কাউকে দোষী সাব্যস্ত না করে প্রমাণভিত্তিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে।
বক্তব্যে আরও জানানো হয়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ হিসাব পর্যালোচনায় বিক্রয় ও অর্ডার সংক্রান্ত লেনদেনে অসামঞ্জস্যতা পাওয়া গেছে এবং প্রায় আট লাখ টাকার গরমিল শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি স্বীকার করে লিখিত অঙ্গীকারও দিয়েছেন বলে দাবি করা হয়।
তারা আরও জানান, ঘটনার দিন একাধিকবার যোগাযোগ ব্যর্থ হলে প্রতিষ্ঠানের মালিক নিজেই বাসায় গিয়ে ফয়সালকে অচেতন অবস্থায় দেখতে পান এবং জাতীয় জরুরি সেবা নম্বরে কল করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে বিষক্রিয়ার সম্ভাবনার কথা বলা হলেও চূড়ান্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারা গুজব পরিহার করে তথ্য-প্রমাণের ভিত্তিতে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় বক্তারা ইমাম হোসেন সাদিকের আইনগত অধিকার নিশ্চিত করা, তার হেফাজতের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত না করার দাবি জানান।
মানববন্ধন থেকে দ্রুত, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত সম্পন্ন করে প্রকৃত সত্য উদঘাটন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানানো হয়। পাশাপাশি গুজব ও অপতথ্য থেকে বিরত থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।
