
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা এবং কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে উর্মি তার স্বামী, দেড় বছরের ছেলে ফারদিন ও চার বছরের মেয়ে ফারিস্তাকে নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকত।
শুক্রবার গভীর রাত দেড়টার দিকে স্বামী বাপ্পী থানায় খবর দিয়ে জানান, উর্মি ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোররাতে মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর নিহতের স্বামী ও দুই সন্তানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
