
বিশেষ প্রতিনিধি: সরকার স্পিডবোটে যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে। সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ২৭ অনুযায়ী নতুন এ ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ১৫ টাকা এবং অশান্ত নৌপথে ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ১০ কিলোমিটারে জনপ্রতি ভাড়া ১০ টাকা ৮০ পয়সা এবং অবশিষ্ট দূরত্বে ৮ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া পটুয়াখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌরুটের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বোয়ালিয়া ফ্লুইস গেট থেকে কোরালিয়া ফ্লুইস গেট রুটে ১৫০ টাকা, পানপট্টি থেকে পায়রা বন্দর রুটে ২৩০ টাকা, পানপট্টি থেকে বাহের চর রুটে ১৫০ টাকা, পানপট্টি থেকে আমড়াগাছিয়া রুটে ২০৫ টাকা, পানপট্টি থেকে চরমোন্তাজ রুটে ২৪০ টাকা, পানপট্টি থেকে চরবিশ্বাস রুটে ২৬৫ টাকা এবং পানপট্টি থেকে চরমন্ডল রুটে ২৭০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এছাড়া চরকাজল থেকে বন্যাতলী রুটে ১১০ টাকা, পানপট্টি থেকে কোরালিয়া রুটে ১৪০ টাকা, গলাচিপা থেকে রাঙ্গাবালী রুটে ৩৮০ টাকা, গলাচিপা থেকে ফেলাবুনিয়া রুটে ৩২৫ টাকা এবং চরমন্ডল থেকে গৈনখালী রুটে ১১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
নতুন এ ভাড়া কার্যকর হলে উপকূলীয় অঞ্চলের নৌপথ ব্যবহারকারী যাত্রীদের ব্যয় কিছুটা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

https://shorturl.fm/i9gAR