
দুমকি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রকল্প পরিচালক (পিডি) মো. অলিউল ইসলামকে তার অফিস কক্ষে তালাবদ্ধ করে অবরুদ্ধ রাখার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে তিনি কক্ষ থেকে বের হতে সক্ষম হন। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ১৫-২০ জন নেতা-কর্মী দুপুরে পিডির কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে তালা লাগিয়ে দেন। এতে তিনি প্রায় দুই ঘণ্টারও বেশি সময় কক্ষে অবরুদ্ধ থাকেন।
অবরুদ্ধ অবস্থায় প্রকল্প পরিচালক মো. অলিউল ইসলাম অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক চলমান প্রকল্প থেকে ১ শতাংশ হারে অর্থ দাবি করে আসছিলেন। এতে প্রায় ৫০ লাখ টাকা দাঁড়ায়। তিনি বলেন, “আজ আবার তারা এসে একই দাবি তোলে। আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে গালাগাল করে এবং আমার কক্ষে তালা লাগিয়ে চলে যায়।”
তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাতুল দাবি করেন, তারা সরাসরি তালা দেননি। “নিম্নমানের কাজ ও অনিয়মের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ কাজ করেছে, তবে ছাত্রদল এ আন্দোলনকে সমর্থন করে,”বলেন তিনি।
অন্যদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদেই আমরা কর্মসূচি পালন করেছি।”
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


