
মো. বেল্লাল হোসেন, দশমিনা থেকে:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর তীরবর্তী এলাকার ভাঙনরোধে জিও ব্যাগ ফেলে কাজের উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার দশমিনা ইউনিয়নের হাজিরহাট লঞ্চঘাট সংলগ্ন মসজিদ রক্ষায় এ ভাঙনরোধ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের ঢাকা দক্ষিণ মহানগরের সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশার, গণঅধিকার পরিষদ দশমিনা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক লিয়ার হোসেন হাওলাদার, সদস্য সচিব মিলন মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, “উপজেলার ভাঙনকবলিত এলাকার মানুষ স্থায়ী ভাঙনরোধের দাবিতে মানববন্ধন করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে জেলা প্রশাসকের এক সভায় আলোচনা করি। পরে জেলা প্রশাসক পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে হাজিরহাট মসজিদ রক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।”
তিনি আরও বলেন, “দশমিনা-গলাচিপা উপজেলার নদীভাঙন সমস্যা এক বা দুই বছরে সমাধান সম্ভব নয়। পর্যায়ক্রমে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া ডুবোচরের কারণেই ভাঙন তীব্র আকার ধারণ করেছে।”
প্রতিমন্ত্রী জানান, নদীর ডুবোচর অপসারণের বিষয়ে তিনি ইতোমধ্যে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। নির্দিষ্ট স্থান চিহ্নিত করা হলে দ্রুত নদীর পানিপ্রবাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া উপজেলার চরাঞ্চলের বেড়িবাঁধ রক্ষা এবং নদীতীরবর্তী কৃষিজমি ও বসতঘর ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

https://shorturl.fm/Fy6VV