
মো. বেল্লাল হোসেন, দশমিনা:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার নন্দী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তপন মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ মহানগর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, বাউফল উপজেলার মৎস্য কর্মকর্তা এস.এম. পারভেজসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগী জেলেরা।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার দশমিনা, বাঁশবাড়িয়া, রনগোপালদী ও চরবোরহান ইউনিয়নে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মার্চ–এপ্রিল দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা থেকে বিরত থাকা প্রায় ৮০০ জেলের মাঝে সরকারি সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আটা, আলু, মসুর ডাল, চিনি, লবণ ও সোয়াবিন তেল। আজ বাঁশবাড়িয়া ও দশমিনা ইউনিয়নের জেলেদের মাঝে বিতরণ শুরু হয়েছে, বাকী দুই ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তপন মজুমদার জানান, ২০২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিষিদ্ধকালীন সময়ে জেলেদের সহায়তা হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল উপকারভোগী জেলেদের মাঝে তা পৌঁছে দেওয়া হবে।

https://shorturl.fm/plH5b