
মো. বেল্লাল হোসেন, দশমিনা থেকে:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে পৃথক পৃথকভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মে দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর উদ্যোগে সদর ইউনিয়নের নলখোলা বন্দরে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক আহমেদ মোল্লা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, যুবদলের সাবেক সদস্য সচিব শামীম খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা শাখার শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগেও দিবসটি পালিত হয়। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. নুরুল হকের প্রতিনিধি ও গণঅধিকার পরিষদের ঢাকা দক্ষিণ মহানগরের সহসভাপতি মো. মিজান হাওলাদার।
সভাপতিত্ব করেন শ্রমিক অধিকার পরিষদের উপজেলা সভাপতি মো. ইলিয়াস হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. আবু কালাম পঞ্চায়েত, সাবেক আহ্বায়ক লিয়ার হোসেন, সদস্য সচিব মিলন মাতুব্বরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অপরদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলিউল ইসলামের নেতৃত্বে পৃথক একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি আবদুল আলীম তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, সহসভাপতি রুহুল আমিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিভিন্ন আয়োজনে নেতারা শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমিকবান্ধব সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।
