
বার্তা কক্ষ: টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্যের সঙ্গে জড়িত একটি সাইবার অপরাধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮, বরিশাল।
র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিক্রি করে আসছিল। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল দিবাগত রাতে ভোলা ও বরিশাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মেরাজুর রহমান আরমান (২১), বিল্লাল হোসেন অন্তর (২১), রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম মাহি (১৯) ও মো. হাসিব (২৩)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে প্রায় দেড় লাখ স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলের তথ্য পাওয়া গেছে। তারা বিভিন্ন উপায়ে—ফেসবুক আইডি বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, সম্পর্ক বিচ্ছেদের পর ব্যক্তিগত ছবি সংগ্রহ কিংবা শত্রুতার জেরে গোপন তথ্য ফাঁস করে—এসব কনটেন্ট সংগ্রহ করত এবং টেলিগ্রামের প্রাইভেট চ্যানেলের মাধ্যমে অর্থের বিনিময়ে সরবরাহ করত।
অভিযানকালে তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, মানবাধিকার সুরক্ষা এবং সাইবার অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

https://shorturl.fm/M5GLU