
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে এক বিভাগের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ তুলে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন জেলা ছাত্রদলের এক নেতা।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান সিকদার গত ২২ এপ্রিল কলেজে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এ সময় কলেজের সিভিল বিভাগের প্রধান শিক্ষক মো. ইয়ারুল হকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
অভিযোগে বলা হয়, পরদিন বিকেলে আতিকুর রহমান কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে ওই শিক্ষক তাকে ডেকে নিয়ে শিক্ষার্থীদের সামনে কাঠের টুকরা দিয়ে হাতে আঘাত করেন, এতে তিনি রক্তাক্ত হন। পরে তাকে শ্রেণিকক্ষে নিয়ে গালিগালাজ ও চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগও করা হয়।
এছাড়া, বিষয়টি প্রকাশ করলে শিক্ষাজীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই পোস্টে।
তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. ইয়ারুল হকের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রনেতারা।
এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। শিক্ষার্থী ও সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


