
বাউফল অফিস: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া—ঢাকা নৌরুটে চলাচলকারী ‘এমভি বন্ধন-৫’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ থেকে অজ্ঞাত এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির কোনো অভিভাবকের সন্ধান এখনো পাওয়া যায়নি।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে লঞ্চটি। সন্ধ্যা ৬টার দিকে এটি ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করে। এ সময় নিচতলার ডেকে শিশুটির সঙ্গে পিতা পরিচয়ে থাকা এক ব্যক্তি অবস্থান করছিলেন বলে জানা গেছে।
লঞ্চ স্টাফদের বরাতে জানা যায়, ধুলিয়া ঘাটে নেমে ওই ব্যক্তি আর লঞ্চে ফিরে আসেননি। যাওয়ার আগে তিনি পাশের যাত্রীদের জানান, শিশুটির মা ঘাটে রয়েছেন—তাকে আনতে যাচ্ছেন এবং কিছু সময় শিশুটিকে দেখাশোনার অনুরোধ করেন।
পরবর্তীতে লঞ্চটি ধুলিয়া ঘাট থেকে ছেড়ে দিঘিরপাড়সহ অন্যান্য ঘাট অতিক্রম করলেও ওই ব্যক্তি আর ফিরে আসেননি। বিষয়টি নিশ্চিত হয়ে লঞ্চ কর্তৃপক্ষ শিশুটিকে নিজেদের তত্ত্বাবধানে নেয় এবং নিরাপদে রাখে।
লঞ্চের স্টাফ শাহিন রাত দেড়টার দিকে মুঠোফোনে জানান, তখন পর্যন্ত শিশুটির খোঁজে কেউ যোগাযোগ করেনি। ধুলিয়া লঞ্চঘাটের ইজারাদার প্রতিনিধি মনির হোসেনও জানান, রাত পর্যন্ত শিশুটির বিষয়ে কেউ খোঁজ নিতে আসেননি।
এদিকে, শিশুটির পরিচয় শনাক্তে লঞ্চ কর্তৃপক্ষ গণমাধ্যমের সহায়তা কামনা করেছে। শিশুটিকে চিনতে পারলে লঞ্চ স্টাফ শাহিনের মোবাইল নম্বর (০১৬৮৫৪৩৬১৫৪)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
