
আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী):
দৈনিক সমকালের কুয়াকাটা প্রতিনিধি, কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য ও খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক প্রয়াত খান এ রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) আসর নামাজের পর কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব কুদ্দুস মাহমুদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মহিপুর থানা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মাইনুল ইসলাম মান্নান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদসহ অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির।
বক্তারা বলেন, খান এ রাজ্জাক ছিলেন সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ এবং পেশাদার সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষকতা ও সাংবাদিকতা দুই ক্ষেত্রেই তিনি সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের অনন্য উদাহরণ রেখে গেছেন। তাঁর মৃত্যু কুয়াকাটার সংবাদজগতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, “খান এ রাজ্জাক ছিলেন আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁর মূল্যবোধ নতুন প্রজন্মের সাংবাদিকদের পথ দেখাবে।”
সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, “তিনি ছিলেন মানবিক, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার এক আদর্শ নাম।”
শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদের ইমাম আলহাজ্ব কারি মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


