
মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা থেকে:
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুজর ইজাজুল হকের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে ইউএনও’র সভাপতিত্বে প্রায় এক ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গলাচিপা পৌরসভার প্রধান টাউন খাল খননে অনিয়ম, এলজিআরডি কার্যক্রম, রেণু পোনা নিধন, জাটকা সংরক্ষণ, মাদকের বিস্তার, জেলেদের চাল বিতরণে অনিয়ম, নদীভাঙন রোধ, উপজেলা হাইওয়ে সড়কের উন্নয়ন এবং শিক্ষা ও সংস্কৃতির বিকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল আলম, অধ্যাপক মো. ফোরকান কবির, প্রতিমন্ত্রীর প্রতিনিধি মো. মহিবুল্লাহ এনিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা শাখার আমির ডা. মো. জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, গণকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জিল্লুর রহমান জুয়েল, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তব্যে ইউএনও মো. আবুজর ইজাজুল হক বলেন, “আমি সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি। সকলের সহযোগিতায় আইন ও বিধি অনুযায়ী উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে এলাকার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।”
তিনি সবাইকে সময়ের গুরুত্ব অনুধাবন করে উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
