
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির অভিযোগে যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চিকনিকান্দি ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী।
জানা যায়, মঙ্গলবার রাতে ভুক্তভোগী দিলীপ দেবনাথ বাদী হয়ে গলাচিপা থানায় মুকুল প্যাদার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাতে মুকুলকে গ্রেপ্তার করে।
এর আগে সোমবার রাতে দিলীপ দেবনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, মুকুল প্যাদা ও তার ভাই আরিফ হোসেন প্যাদা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। সম্প্রতি তারা দিলীপ দেবনাথের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেন। এতে ভয়ে তিনি স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে গলাচিপা থানায় আশ্রয় নেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুকুল প্যাদাকে দলীয় পদ থেকে বহিষ্কারের খবর ভাইরাল হয়। পাশাপাশি একটি অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে সংশ্লিষ্ট সংবাদকর্মীকেও হুমকি দেয় মুকুল।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. জিলন সিকদার বলেন, “এর আগে মুকুল প্যাদা ভুক্তভোগী হিন্দু পরিবারটির সঙ্গে মারধরের ঘটনা ঘটিয়েছিল। সে সময় ভয়ে তারা মামলা করেননি। পরবর্তীতে আবারও হুমকি ও চাঁদা দাবির ঘটনায় মামলা দায়ের করা হলে আমরা রাতেই মুকুলকে গ্রেপ্তার করি। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”


