
মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা।
পটুয়াখালীর গলাচিপায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার দুই শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “সোনার বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নেই। শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”
বক্তারা শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবির পক্ষে বক্তব্য রাখেন।
সমাবেশে গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাজাহান মিয়া, অধ্যাপক আব্দুর রশিদ মিয়া, বকুলবাড়িয়া কলেজের প্রভাষক মুজাহিদুল ইসলাম মিন্টু এবং গুয়াবাড়িয়া এবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. মোশাররফ হোসেন বক্তব্য দেন।
পরে শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ ব্যানার নিয়ে একটি র্যালি বের করেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।


