
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ইসহাক সিকদারের মুক্তি ও তার বিরুদ্ধে দেওয়া যুদ্ধাপরাধ মামলার রায় পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়নের ২নং ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করেন, ইসহাক সিকদারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুদ্ধাপরাধের মামলায় আসামি করা হয়েছিল। তারা দাবি করেন, তিনি মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং কোনো মানবতাবিরোধী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল না।
মানববন্ধনে বক্তব্য দেন ইসহাক সিকদারের ছেলে নান্নু সিকদার, মেয়ে বিলকিস নাহার, বিএনপির ইটবাড়িয়া ইউনিয়ন সভাপতি কাজী শাহ আলম, স্থানীয় বাসিন্দা কাজী রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা জালাল হাওলাদার, বিএনপির ৭নং ওয়ার্ড সভাপতি কাজী নাসির উদ্দিন ও ইউপি সদস্য শফিনুর ইসলাম লিটনসহ অনেকে।
বক্তারা ইসহাক সিকদারের মুক্তি ও মামলার পুনর্বিবেচনার দাবি জানিয়ে সরকারের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইসহাক সিকদারের পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও আর্থিকভাবে কষ্টে দিন কাটাচ্ছেন। তারা সরকারের পাশাপাশি মানবাধিকার কমিশন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


