
স্টাফ রিপোর্টার: পটুয়াখালী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
সভায় বক্তব্যকালে আলতাফ হোসেন চৌধুরী বিগত জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় তিনি উপস্থিত সকল সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, বিএনপি সরকার বিভিন্ন ধরনের জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে, যা সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আমাদের দলের নেতাকর্মীরা যদি আপনাদের কাছে কোনো অনৈতিক কিংবা অবৈধ তদবির করে, তবে আপনারা তা প্রত্যাখ্যান করবেন। প্রয়োজনে সরাসরি আমাকে জানাবেন।”
তিনি আরও বলেন, “আপনারা আমাদের সমালোচনা করবেন। সমালোচনা করলে আমরা, বিশেষ করে আমি, নিজেকে সংশোধনের সুযোগ পাব।”
সভায় তিনি পটুয়াখালী জেলায় একটি মহিলা ক্যাডেট কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়ার বিষয়টিও সদস্যদের অবহিত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম সজল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
