
রাঙ্গাবালী অফিস: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নেতা আকরামিয়া শিশু এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ সফিকুল ইসলাম জিসান (২০) রাত সাড়ে ১২টার দিকে এক শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে তার সঙ্গে অনৈতিক আচরণ করেন। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী শিশুটি মাদ্রাসার হিফজ বিভাগে অধ্যয়নরত। তার বাড়ি উপজেলার জুগিরহাওলা গ্রামে।
অভিযুক্ত শিক্ষক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী গ্রামের বাসিন্দা। তিনি গত ২৮ এপ্রিল ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন।
পরিবারের অভিযোগ, ঘটনার পর শিশুটি ভয়ভীতি উপেক্ষা করে সকালে বাড়িতে এসে বিষয়টি জানায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
শিশুটির মা বলেন, “নিরাপদ ভেবে ছেলেকে মাদ্রাসায় দিয়েছিলাম। অথচ তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
শিশুটির বাবা বলেন, “ঘটনার পর তাকে ভয় দেখানো হয়েছিল, যাতে সে বাড়িতে যেতে না পারে।”
এদিকে শিক্ষক আটকের পর স্থানীয়রা মাদ্রাসা সংলগ্ন এলাকায় মানববন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল ইসলাম বলেন, “অভিযুক্ত শিক্ষককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা চাই, আইনের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাশাপাশি শিশুটির চিকিৎসার ব্যয়ভার আমরা বহন করবো।”
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে। ভুক্তভোগী ও তার পরিবারকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

https://shorturl.fm/Se20d