
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, এবারের ভোটকে আমরা উৎসবে পরিণত করতে চাই। আজ যে মনোনয়নপত্র সংগ্রহ করেছি, তা কোনো ব্যক্তি বা দল হিসেবে নয়; বাউফলের সম্মানিত ভোটারদের পক্ষ থেকেই সংগ্রহ করা হয়েছে। এই মনোনয়নপত্রের প্রকৃত মালিক বাউফলের ভোটাররা। তারাই ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহের সময় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল আহসান, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, আমার বিরুদ্ধে সাড়ে তিনশর বেশি মামলা ছিল। ৬৭ দিন রিমান্ডে রেখে আমাকে পঙ্গু করার পরিকল্পনা করা হয়েছিল। আমি প্রায় দুই বছর হুইলচেয়ারে জীবন যাপন করেছি। আমার এক সন্তানকে শহীদ করা হয়েছে, আমাকে গুম করে প্রায় এক সপ্তাহ আটকে রাখা হয়েছিল এবং ক্রসফায়ার দেওয়ার চূড়ান্ত প্রস্তুতিও ছিল। আল্লাহ তায়ালা যে জীবন আমাকে দিয়েছেন, তা আমি বাউফলবাসীর জন্য উৎসর্গ করতে চাই।
তিনি বলেন, বাউফলবাসীর কাছে আমি দোয়া চাই। অতীতেও আমরা তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। জনপ্রতিনিধি হতে পারি বা না পারি, সেবক হিসেবে আজীবন বাউফলবাসীর পাশে থাকার অঙ্গীকার করছি। ইনশাআল্লাহ, এবারের নির্বাচনে বাউফলবাসীকেই এমপি বানানো হবে।
বাউফল আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাউফল আসন থেকে এ পর্যন্ত দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলমান থাকবে। বর্তমানে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে।
