
সুস্থ ও সচল জীবনধারার জন্য মজবুত হাড় অপরিহার্য। হাড়ের বিভিন্ন সমস্যা যেমন হাড় ক্ষয়, নরম হয়ে যাওয়া কিংবা ভঙ্গুর হয়ে ফ্র্যাকচার হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ পুষ্টির ঘাটতি। বিশেষজ্ঞদের মতে, শৈশব থেকেই কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদান যথাযথভাবে গ্রহণ করলে হাড় থাকবে মজবুত ও ঘন।
নিচে এমনই ৫টি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান তুলে ধরা হলো, যা হাড়ের গঠন, ঘনত্ব ও স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে:
১. ক্যালসিয়াম
হাড়ের মূল উপাদান ক্যালসিয়াম, যা হাড়ের ঘনত্বের প্রায় ৭০ শতাংশ গঠন করে। ক্যালসিয়াম ছাড়া হাড়ের সঠিক গঠন ও দৃঢ়তা সম্ভব নয়।
২. ফসফরাস
ফসফরাস ক্যালসিয়ামের সঙ্গে মিলে হাইড্রক্সি এপেটাইট নামক যৌগ গঠন করে, যা হাড়ের ম্যাট্রিক্স তৈরি করে। হাড়ের শক্ত কাঠামো গঠনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩. ভিটামিন ডি
ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে। এর অভাবে অস্টিওম্যালাসিয়া, রিকেটস ও অস্টিওপোরোসিসের মতো হাড়ের রোগ হতে পারে।
৪. ম্যাগনেশিয়াম
ম্যাগনেশিয়াম শরীরে ক্যালসিয়ামের বিপাক প্রক্রিয়াকে সচল রাখে এবং ভিটামিন ডি–কে সক্রিয় করতে সাহায্য করে। ফলে হাড়ের গঠন আরও শক্তিশালী হয়।
৫. জিংক
জিংক হাড়ের কোষ পুনর্গঠন করে ও ক্ষতিগ্রস্ত হাড় মেরামতে সহায়তা করে। এটি কোলাজেন তৈরিতেও সাহায্য করে, যা হাড়ের স্থিতিস্থাপকতা বজায় রাখে।
কোন খাবারে পাওয়া যায় এই পুষ্টিগুলো?
• দুধ ও দুগ্ধজাত খাবারে প্রচুর ক্যালসিয়াম থাকে।
• পাতাযুক্ত শাকসবজি ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের উৎস।
• লাল মাংসে ফসফরাস ও জিংক থাকে, যা পরিমিত পরিমাণে গ্রহণ করা যেতে পারে।
• মাছ ও মাছের কাঁটা ফসফরাসের ভালো উৎস এবং মাছের তেল ভিটামিন ডি সমৃদ্ধ।
• শস্যজাত খাবার, যেমন আটা, রুটি ও বার্লিতে হাড়বান্ধব পুষ্টি উপাদান রয়েছে।
তবে অনেক সময় শুধু খাবার থেকেই প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় না। তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করতে হতে পারে।
সতর্কতা ও সচেতনতা:
শুধু বয়স বাড়লে নয়, ছোটবেলা থেকেই হাড়ের যত্ন নেওয়া জরুরি। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত রোদ exposure ও নিয়মিত ব্যায়াম হাড় সুস্থ রাখতে সহায়ক।


