
পটুয়াখালীর কুয়াকাটায় আহত একটি নাইট হেরন (রাত বক) পাখি উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেছে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)। শনিবার (২৯ নভেম্বর) সকালে আলিপুর মৎস্য বন্দরের একটি মুরগির দোকান থেকে পাখিটিকে উদ্ধার করা হয়। দোকানে অসুস্থ অবস্থায় পাখিটি বিক্রির উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল বলে জানা গেছে। উপরার সদস্যরা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সহায়তায় পাখিটিকে উদ্ধার করেন। প্রাথমিক পরিচর্যার পর সন্ধ্যায় কুয়াকাটার ইলিশ পার্ক ইকো রিসোর্ট এলাকায় এটিকে অবমুক্ত করা হয়।
উদ্ধার ও অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপরা আহ্বায়ক কে. এম. বাচ্চু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, টোয়াকের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং গঙ্গামতি বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, বন্যপ্রাণী পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। অবৈধভাবে পাখি আটক বা নির্যাতন রোধে সবাইকে আরও সচেতন হতে হবে।
উপরা আহ্বায়ক কে. এম. বাচ্চু বলেন, উপকূলের পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন। স্থানীয়দের সহযোগিতা পেলে এমন উদ্ধার অভিযান আরও দ্রুত করা সম্ভব হবে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা এ কে এম মনিরুজ্জামান জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের পাখি আটক, শিকার বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী কোথাও আটকে থাকতে দেখলে বন বিভাগকে জানানোর অনুরোধ জানান তিনি।
রাত বক পরিবেশের জন্য উপকারী এক প্রজাতির পাখি। পাখিটি উদ্ধার ও অবমুক্ত হওয়ায় স্থানীয় পরিবেশকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।


