
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানকে সামনে রেখে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর এবং কলাপাড়ার ধানখালী এলাকায় আশুগঞ্জ কোম্পানির অধিগ্রহণকৃত জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, কামাল হাসান রনি, সাইফুল্লাহ মাহমুদ ও নজরুল ইসলাম সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকতে হবে। একই সঙ্গে ধানখালীতে আশুগঞ্জ কোম্পানির অধিগ্রহণ করা কৃষিজমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
