
পটুয়াখালী পৌরসভা ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে শহরের বেওয়ারিশ কুকুর ও বিড়ালদের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বিকেলে শহরের ঝাউবন এলাকার ফোর লাইন সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মাসুম বিল্লাহ, পৌর মেডিকেল অফিসার ডা. এস. এম. একরামুল নাহিদসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। এছাড়া ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’-এর সভাপতি নওশিন আফরোজ হিয়া, রেস্কিউ অ্যান্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুসা, বন্যপ্রাণী উদ্ধার কর্মী আবদুল কাইয়ুম, গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল, কলাপাড়া সহকারী টিম লিডার ইউসুফ রনি এবং দুমকী টিম লিডার সাইফ আহমেদ তনময় উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর এলাকার নিউমার্কেট, পুরান বাজার, বাসস্ট্যান্ড, সদর রোড, ঝাউবন, লঞ্চঘাট, সবুজবাগ মোড়, তিতাস মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় বেওয়ারিশ কুকুরদের টিকা প্রদান করা হচ্ছে।
এক মাসব্যাপী এই অভিযানে এক হাজারেরও বেশি কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পৌরসভা ও প্রাণিসম্পদ দপ্তর। প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, টিকা দেওয়ার পর প্রতিটি কুকুরের শরীরে লাল রঙের চিহ্ন দেওয়া হচ্ছে, যাতে একই কুকুরকে পুনরায় টিকা না দেওয়া হয়।
পটুয়াখালী পৌর প্রশাসক জুয়েল রানা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’-এর সহযোগিতায় শহরের সব বেওয়ারিশ কুকুরকে ধীরে ধীরে টিকার আওতায় আনা হবে, যাতে নিরাপদ ও মানবিক পরিবেশ বজায় থাকে।
প্রাণীপ্রেমীদের মতে, এটি পটুয়াখালী শহরে প্রাণীকল্যাণে একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ।


