গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাসনাত আবদুল্লাহ নিজেই। তিনি জানান, হঠাৎ ১০-১২ জনের একটি দল তার গাড়ি ঘিরে ফেলে এবং ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং তিনি নিজে হাতের আঘাতে রক্তাক্ত হন।
হামলার পরপরই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন,“হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।”