প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার। কারণ, ছোটবেলায় মাকে জন্ডিসে আক্রান্ত হয়ে সঠিক চিকিৎসার অভাবে হারিয়েছি- ভিপি নুর

পটুয়াখালী-৩ আসনের বিএনপির সমর্থিত প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দুর্গম চর এলাকা থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার। কারণ, ছোটবেলায় মাকে জন্ডিসে আক্রান্ত হয়ে সঠিক চিকিৎসার অভাবে হারিয়েছি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত স্মরণসভা ও দোয়া-মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, আমি চাইতাম ডাক্তার হয়ে পেশাগত দায়িত্বের পাশাপাশি অসচ্ছল মানুষের সেবা করবো, এই জনপদের মানুষের পাশে দাঁড়াবো। কিন্তু আল্লাহ তা লিখে রাখেননি। আল্লাহ লিখে রেখেছেন আমি ডাক্তার হবো না, কয়েকজন ডাক্তার পরিচালনা করবো। ফলে মেডিকেলে পড়া হয়নি, ভর্তি হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।
তিনি আরও বলেন, ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। কখনো কল্পনাতেও ভাবিনি এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবো। ছাত্রদের অধিকার আদায়ের দায়িত্ব নিতে গিয়ে নির্যাতিত হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি।
বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে নুর বলেন, বাংলাদেশের সংকটকালে তিনি আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। বাংলাদেশের নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূতও বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্ব শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। আমাদের সৌভাগ্য আমরা এমন একজন নেত্রীর সান্নিধ্য পেয়েছি।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.