
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও পটুয়াখালী–১ আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তাঁকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী পদ থেকেও প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় পটুয়াখালী পৌরসভাস্থ ইসলামী আন্দোলন জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)–এর নির্দেশে এবং ৮ ডিসেম্বর জেলা আমেলার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ চূড়ান্ত করা হয়।
একই সিদ্ধান্তে মুফতি হাবিবুর রহমানের স্থলে পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালী–১ আসনে ইসলামী আন্দোলনের নতুন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা সভাপতি বলেন, ইসলামী আন্দোলন সর্বস্তরের মানুষের কাছে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব উপহার দিতে বদ্ধপরিকর।


