
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত ১৬ বছর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর ব্যাপক অত্যাচার ও জুলুম চালিয়েছে। পাঁচ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মীকে।’
শনিবার বিকেল সাড়ে ৩টায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠিত হবে ইনশাআল্লাহ।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি জেসমিন জাফর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, যুবদলের সিনিয়র সহ–সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন ধরান্দী ডিগ্রি কলেজের প্রভাষক আবুবকর পান্না, মেঘনাথ হালদার, পাংগাশিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি কাজী শাহিনুর বেগম।
সভা সঞ্চালনা করেন দুমকি বিএনপি নেতা মতিউর রহমান দিপু ও ছাত্রদলের আহ্বায়ক সুমন শরীফ।


