
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, পৃথিবীতে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব একমাত্র ইসলামের মাধ্যমেই। ইসলাম ব্যতীত কোনো ব্যবস্থাই মানুষকে প্রকৃত ন্যায়বিচার দিতে পারে না।
শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় বাউফল পৌর শহরের মুসলিমপাড়া বালুর মাঠে রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার হিফজ বিভাগের সবক প্রদান অনুষ্ঠান উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ বলেন, “আমাদের তরুণ প্রজন্ম যদি ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাতে সক্ষম হয়, তবে তারা ইসলামী সমাজব্যবস্থার বিজয়ও নিশ্চিত করতে পারবে। ২০১৪ সালে তরুণদের কণ্ঠে যে স্লোগান উঠেছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’, তার প্রকৃত বাস্তবায়ন একমাত্র ইসলামই করতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা চাই মাদ্রাসা, স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে কাজ করুক। ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র—সব স্তরে পরিবর্তন আনতে হলে আগে নিজেদের সংশোধন করতে হবে। ব্যক্তি বদলালে পরিবার বদলায়, পরিবার বদলালে সমাজ বদলায়, সমাজ বদলালে রাষ্ট্র বদলায়—এই পরিবর্তনের ধারাই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে।”
রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার মাধ্যমে ইসলামিক শিক্ষার আলো সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সাবেক ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসাইন। প্রধান আলোচক ছিলেন মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। শিক্ষার্থীদের সবক প্রদান করেন বিশ্বজয়ী হাফেজে কোরআন হযরত মাওলানা জাকারিয়া।


