
মো. বেল্লাল হোসেন, দশমিনা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার আলিপুর ইউনিয়নের খলিশাখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আলিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন (মৃত হাতেম আলী চৌকিদারের ছেলে) এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাসান বয়াতী (মকবুল হোসেন বয়াতীর ছেলে)।
থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালায়। এতে শতাধিক ব্যক্তি আহত হন। ওই ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত ১৩ ফেব্রুয়ারি দশমিনা থানায় সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪৮ জন এবং অজ্ঞাতনামা অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
এ মামলার এজাহারভুক্ত সন্দেহভাজন আসামি হিসেবে বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে গিয়ে বেল্লাল হোসেন ও হাসান বয়াতীকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলিম বলেন, “অভিযানের সময় আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান বয়াতীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


