মো. বেল্লাল হোসেন, দশমিনা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দশমিনা-গলাচিপা আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করার আহ্বান জানান নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক রতন, সদস্য সচিব শামীম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খান, যুগ্ম আহ্বায়ক আল-আমিন মোল্লা, মো. বশির, আবু আব্দুল্লাহ, লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী তানজিল আহমেদ রিডেন, কলেজ ছাত্রদলের সভাপতি হাসান মিদনি প্রমুখ। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরাও এতে অংশ নেন।
র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, “মেজর জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন যুবদল আজও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রভাগে রয়েছে। ফ্যাসিবাদী সরকারের সময়ে কেন্দ্রীয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নির্যাতন, জেল-জুলুম ও মামলা-মোকদ্দমার শিকার হয়েছেন, তবুও তারা জনগণের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।”
বক্তারা আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবদল ধানের শীষ প্রতীকে জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধ করবে। জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করবে—এ বিষয়ে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। দশমিনা-গলাচিপা আসনে হাসান মামুনের বিকল্প কোনো নেতৃত্ব নেই; তাই তাঁর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”