রাঙ্গাবালী প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে তরমুজ পরিবহনকে কেন্দ্র করে ঘাটে ঘাটে চাঁদাবাজির অভিযোগ উঠায় কঠোর অবস্থান নিয়েছেন পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য । তিনি তরমুজে অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন।
নির্বাচন-পরবর্তী সময়ে বৃহস্পতিবার সফরকালে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রথমে উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
বক্তব্যে তিনি বলেন, কৃষকরা কঠোর পরিশ্রম করে তরমুজ উৎপাদন করেন। অথচ কিছু স্থানে প্রতি পিস তরমুজে ১ থেকে ২ টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। সরকারি ইজারা দেওয়া ঘাট ছাড়া অন্য কোথাও তরমুজ নামাতে এক টাকাও দেওয়া যাবে না। কেউ চাঁদা দাবি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকারি তালিকাভুক্ত ঘাটে নির্ধারিত টাকা আদায় করা হলে সমস্যা নেই। তবে যত্রতত্র ঘাট বসিয়ে খাস আদায়ের নামে অর্থ আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ডে দলের কেউ জড়িত থাকলেও প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।
এ সময় এমপি মোশাররফ হোসেন জানান, চলতি মাসে সম্ভব না হলেও আগামী মাসে খাল খনন প্রকল্প শুরু করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।