প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
রাঙ্গাবালীর সব আওয়ামী লীগ এখন বিএনপিকে সমর্থন করে: আব্দুর রহমান ফরাজী

রাঙ্গাবালী উপজেলার সকল আওয়ামী লীগ এখন বিএনপিকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাহেরচর বাজারে পটুয়াখালী–৪ (রাঙ্গাবালী–কলাপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রথম পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান ফরাজী বলেন, ‘আপনাদের এলাকার আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই। এই রাঙ্গাবালী উপজেলার সকল আওয়ামী লীগ এখন বিএনপিকে সমর্থন করে।’ তিনি আরও বলেন, ‘সকল আওয়ামী লীগ ভাইদের সাথে নিয়ে আপনারা নির্বাচন পরিচালনা করবেন। অতীতে যাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরাও বর্তমান সমাবেশে উপস্থিত আছেন।
উপজেলা বিএনপির সভাপতি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট থেকে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশারফ হোসেনের নির্দেশনায় আমরা আমাদের দলীয় অবস্থান স্পষ্ট করে আসছি।’ সে সময় দেওয়া বক্তব্যের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যারা করেছে তারা কোনো অন্যায় করেনি।’
তিনি আরও বলেন, ‘যারা অন্যায় করেছে তারা দেশের বাইরে রয়েছে। যারা দেশে আছেন, তাঁরা সবাই ভালো মানুষ। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।’ দেড় বছর আগে দেওয়া সেই বক্তব্য এখনো বহাল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পথসভায় বক্তব্যের শেষাংশে আব্দুর রহমান ফরাজী বলেন, দল-মত নির্বিশেষে এবিএম মোশারফ হোসেনের নেতৃত্বে রাঙ্গাবালী উপজেলাকে গড়ে তুলতে চান তাঁরা।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.