স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম (২৮) গত ২০ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে তার আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে উত্তর আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের সড়কে হামলার শিকার হন।
অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মোঃ ইদ্রিস হাওলাদার (৪০), রমজান হাওলাদার (২০), সবুজ হাং (২২) ও মোঃ লাল মিয়া হাওলাদার (৬৫) তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় তিনি গত ২১ এপ্রিল মির্জাগঞ্জ থানা-এ একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ এজাহার না করে অভিযোগটি সাধারণ ডায়রি হিসেবে গ্রহণ করে এবং এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করেনি। ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এ বিষয়ে জানতে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো : আব্দুস সালাম এর কাছে জানতে ফোন করলেও তাকে পাওয়া যায়নি।