
মির্জাগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ বানচাল ও নির্বাচন পেছানোর লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের শিংবাড়িতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, “দেশের বিভিন্ন স্থানে প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা এবং হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো পূর্বপরিকল্পিত এবং ভোট বানচাল করার ষড়যন্ত্রের অংশ।”
তিনি স্থানীয় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এলাকায় অপরিচিত কাউকে দেখলে তার পরিচয় ও আগমনের উদ্দেশ্য জানতে হবে। “কেউ যদি মাস্ক বা হেলমেট পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে, তাহলে অবশ্যই তাকে চ্যালেঞ্জ করতে হবে। অতীতে আমরা ‘হেলমেট বাহিনী’র তাণ্ডব দেখেছি, তাই সবাইকে সজাগ থাকতে হবে,” বলেন তিনি।
নির্বাচনী প্রচারণার কৌশল প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের কাছে মার্জিত ও ভদ্র আচরণসম্পন্ন নেতাকর্মীদের পাঠাতে হবে। সুন্দর ব্যবহার ও আচরণের মাধ্যমেই মানুষের মন জয় করা সম্ভব।
ভোটের দিন নেতাকর্মীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “ফজরের নামাজ আদায় করেই সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। কেন্দ্র কমিটিতে এলাকার সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।”
মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাহাবুদ্দিন নান্নু, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম সিকদার, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুল মান্নান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু, সহ-সভাপতি আইউব খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ আলী হাওলাদার ও সাবেক দপ্তর সম্পাদক মো. কাইফুর জাকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।
