
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় সিয়াম (২০) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন কিশোর। মঙ্গলবার দুপুরে সুবিদখালী সরকারি কলেজের পেছনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সিয়াম পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘোপখালী গ্রামের বাসিন্দা বাসেত তালুকদার (জুয়েল)-এর ছেলে। আহত কিশোরের নাম আবদুল্লাহ (১৭)। তিনি বাদল মাস্টারের ছেলে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সিয়াম ঢাকায় বসবাস করতেন। গত ১৮ ডিসেম্বর তিনি সুবিদখালীতে তার খালার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তিনি তার খালাতো ভাই আবদুল্লাহর সঙ্গে খালার বাড়ি থেকে বের হন। পরে দুপুর ৩টা থেকে ৪টার মধ্যে সুবিদখালী সরকারি কলেজের পেছনে দুর্বৃত্তদের হামলার শিকার হন তারা।
এ ঘটনায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে গেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ বিরাজ করছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।


