রাজু,কুয়াকাটাঃ পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিএনসিসি নৌ শাখা, খুলনা বিশ্ববিদ্যালয়।
কর্মসূচির অংশ হিসেবে সৈকতে অবস্থানরত পর্যটক, বিচ ক্রিম বিক্রেতা, স্থানীয় ব্যবসায়ী ও অটোভ্যান চালকদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় সৈকতের পরিবেশ সংরক্ষণ ও পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়।
বিএনসিসি নৌ শাখার ক্যাডেটরা পর্যটকদের সঙ্গে সরাসরি কথা বলে সৈকতে ময়লা-আবর্জনা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশবান্ধব আচরণ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করা হয়।
এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে কুয়াকাটা পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে পৌরসভার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় পর্যটক ও ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হলে কুয়াকাটা সমুদ্র সৈকত আরও পরিচ্ছন্ন, সুন্দর ও পর্যটনবান্ধব হয়ে উঠবে।