
আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী)
শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাব চত্বরে ‘কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্স’-এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমি কে? তুমি কে? হাদী হাদী’—সহ বিভিন্ন স্লোগান দেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি কুয়াকাটা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের মুখপাত্র মো. মোজাহিদ সিফাত বলেন,
“শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি ভিন্নমত দমনের ধারাবাহিকতা। আমরা এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
সংগঠনের আহ্বায়ক মো. মহিন বলেন,
“এই হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র ও দেশের স্বাধীন কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এ ধরনের হামলা চালিয়ে জনগণের প্রতিবাদ থামানো যাবে না।”
সদস্য সচিব আরিফুল ইসলাম বলেন,
“অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে হবে। দোষীদের আইনের আওতায় আনা না হলে দেশের মানুষ রাজপথে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”


