
পটুয়াখালীর কুয়াকাটা বাস টার্মিনাল এলাকায় গাঁজা সেবনের দায়ে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত যুবক মোঃ সুজন আকন (২৫)। তিনি বরগুনা জেলার ইটবাড়িয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কুয়াকাটা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার হামিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা প্রশাসন জানায়, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
এ সময় উপস্থিত স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানান।


