
আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী)
বিএনপি চেয়ারপার্সন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সাধারণ মুসল্লিসহ স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অংশগ্রহণকারীরা জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলমত নির্বিশেষে মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানে একটি আন্তরিক পরিবেশ সৃষ্টি করে। জাতীয় শান্তি, উন্নয়ন ও কল্যাণ কামনাতেও বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি এম.এ. মান্নান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন খন্দকার, ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহমেদ রিয়াজসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা।
দোয়া শেষে মতিউর রহমান বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক। তাঁর সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।”
দোয়া পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুসাব্বির হোসেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও দোয়া মাহফিলে অংশ নেন। আয়োজকরা বলেন, দেশনেত্রীর সুস্থতার জন্য তাদের এ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


