
আবুল হোসেন রাজু, কুয়াকাটাঃ
পর্যটন নগরী কুয়াকাটাকে সবুজ ও মনোরম রাখতে পৌরসভার উদ্যোগে চলছে সৌন্দর্য্যবর্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি।
রবিবার সকালে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় পৌরসভার কর্মীরা নানা প্রজাতির বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় পৌর প্রশাসক ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক উপস্থিত থেকে কর্মসূচির তত্ত্বাবধান করেন।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, সাম্প্রতিক সময়ে সৌন্দর্য্যবর্ধনের উদ্যোগে শহরের চিত্র অনেকটাই বদলে গেছে। বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতার ফলে কুয়াকাটা এখন আরও আকর্ষণীয় হয়ে উঠছে দেশি-বিদেশি পর্যটকদের কাছে।
পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, কুয়াকাটাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে তোলাই পৌরসভার মূল লক্ষ্য। এজন্য নিয়মিতভাবে সৌন্দর্য্যবর্ধন ও বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
কুয়াকাটা পৌরসভার এ উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে বলেন, প্রশাসনের এমন কার্যক্রমে কুয়াকাটা অচিরেই একটি আদর্শ পর্যটন নগরীতে পরিণত হবে।


