
আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় আসন্ন ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী ‘শ্রীকৃষ্ণের রাস উৎসব ও রাসমেলা’ সফলভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাগরপাড়ে অবস্থিত ‘কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম প্রাঙ্গণে’ এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ‘পটুয়াখালী জেলা পূজা উদযাপন কমিটি ও কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সভাপতি এডভোকেট কাজল বরন দাস।
এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট সঞ্জয় খাসকেল, সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা পূজা উদযাপন কমিটি; ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মণ্ডল, সাধারণ সম্পাদক, কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, প্রতি বছরই শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের আয়োজনে ঐতিহ্যবাহী ‘শ্রীকৃষ্ণের রাস উৎসব ও রাসমেলা’ উৎসবমুখর পরিবেশে পালিত হয়। এ বছরও আগামী ‘৪ নভেম্বর’ থেকে শুরু হবে এই তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব।
সভায় রাসমেলা উপলক্ষে ‘নিরাপত্তা, ধর্মীয় অনুষ্ঠান, দর্শনার্থীদের সেবা এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতি বছরই কুয়াকাটার নীল সমুদ্রজলে গঙ্গাস্নান উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, সন্ন্যাসী, রাসভক্ত ও হাজারো দর্শনার্থী কুয়াকাটায় সমবেত হন। তাদের আগমন কুয়াকাটার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তোলে।


