পটুয়াখালীর কলাপাড়ায় ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন এবং সদস্যদের করণীয় ও দক্ষতা উন্নয়ন বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক বিভাগ।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী। এতে অংশ নেন রিসোর্স পারসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রেডক্রিসেন্ট সদস্য, স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্যকর্মীসহ মোট ১৮ জন প্রতিনিধি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মোসা. আফরোজা বেগম, ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ অফিসার মো. আজিজুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মো. বশিরুজ্জামান, স্বাস্থ্যকর্মী মনজিলা আখতার প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এর জন্য প্রয়োজন জরুরি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগ।
ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে কলাপাড়া উপজেলার ২টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে রিসোর্স পারসন, স্থানীয় নেতা, রেডক্রিসেন্ট কর্মী ও স্বাস্থ্যসেবকদের নিয়ে এ ধরনের কর্মশালা আয়োজন করা হবে।