প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
দুমকিতে কালবৈশাখীর তাণ্ডব: গাছ উপড়ে দুই দোকান বিধ্বস্ত

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। শনিবার (২ মে) বিকেল ৩টার দিকে উপজেলার হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের তীব্রতায় একটি বিশাল চাম্বল গাছ উপড়ে পাশের দুটি দোকানঘরের ওপর পড়ে। এতে দোকান দুটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। তবে ঝড়ের আগাম আভাস পেয়ে দোকান মালিকরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গাছের নিচে চাপা পড়ে দোকানঘর দুটির কাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে। দোকানে থাকা ফ্রিজসহ বিভিন্ন মালামাল নষ্ট হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মুদি দোকানি সৈয়দ নিজাম ও ব্যবসায়ী সৈয়দ আবুল কাসেম।
এদিকে একই সময়ে উপজেলার আংগারিয়া ইউনিয়নের কদমতলা বাজারেও গাছ উপড়ে একটি দোকানঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, কালবৈশাখীর তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তারা বলেন, দোকানের মালামাল নষ্ট হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.