
সুমন মৃধা,দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে অতিরিক্ত দামে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগ উঠেছে। লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পাওয়ার কথা জানিয়েছেন মোটরসাইকেল চালকরা।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সরেজমিনে উপজেলার থানাব্রিজ এলাকায় একটি তেলের দোকানে দীর্ঘ লাইনের চিত্র দেখা যায়। সেখানে উপস্থিত একাধিক বাইকার অভিযোগ করেন, কয়েক ঘণ্টা অপেক্ষার পরও তারা প্রয়োজনীয় তেল পাচ্ছেন না। ৭-৮ লিটার চাহিদার বিপরীতে মাত্র ১-২ লিটার তেল দেওয়া হচ্ছে, তাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট তেল ব্যবসায়ী। তার দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগে সপ্তাহে যেখানে প্রায় ১৮০ ব্যারেল তেল পাওয়া যেত, বর্তমানে তা কমে প্রায় ২০ ব্যারেলে দাঁড়িয়েছে। ফলে বাধ্য হয়ে সীমিত পরিমাণে তেল বিতরণ করা হচ্ছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান এ সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
