বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুমকি উপজেলা শাখার যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং মানবিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ কার্যালয়ের ইউএনও দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন ইউথ লিডার মেহেদী হাসান, রেড ক্রিসেন্ট সদস্য কুলসুম আক্তার, ফাতিমা আক্তার, মো. আল আমিন, শিশির কনা, সামিয়াসহ অন্যান্য স্বেচ্ছাসেবক।
এ সময় দুমকির চলমান বিভিন্ন মানবিক উদ্যোগ—রক্তদান কার্যক্রম, দুর্যোগ প্রস্তুতি, স্বেচ্ছাসেবক শক্তি বৃদ্ধি, দুর্গত জনগোষ্ঠীর সহায়তা এবং জনসচেতনতা কার্যক্রম—সম্পর্কে ইউএনওকে অবহিত করা হয়। এছাড়া আসন্ন শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি জোরদারকরণ এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
ইউথ লিডার মেহেদী হাসান বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতা পেলে মানবিক সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
রেড ক্রিসেন্ট দুমকি শাখা ভবিষ্যতে স্বেচ্ছাসেবী কার্যক্রম ও দুর্যোগসংক্রান্ত তথ্য দ্রুত প্রচারের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ গ্রহণের কথাও জানায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা স্বেচ্ছাসেবকদের উদ্যোগের প্রশংসা করে বলেন, তরুণদের মানবিক কাজ সমাজকে সমৃদ্ধ করে। রক্তদানসহ অন্যান্য মানবিক কর্মসূচিতে রেড ক্রিসেন্টকে সম্পৃক্ত রেখে সরকারি কার্যক্রমে সহায়তা করা হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে মানবিক সেবা সম্প্রসারণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।