পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কর্মী মোহাম্মদ ইদ্রিসকে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে পটুয়াখালীর দশমিনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
দশমিনা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা রুহুল আমিন রুহানির সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী মোহাম্মদ ইদ্রিসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত বিএনপি নেতা জহিরসহ সকল খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মজিবুর রহমান আজবাহার প্যাদা, উপদেষ্টা মাওলানা শরীফ ও মোঃ মোশাররফ হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সায়েম, যুব আন্দোলনের সভাপতি গাজী মোঃ বাসির ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ জাকির হোসেন, অর্থ সম্পাদক এইচ এম বাহাউদ্দীন নোমান, ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ হাসনাইনসহ স্থানীয় নেতাকর্মীরা।