মো. বেল্লাল হোসেন, দশমিনা প্রতিনিধিঃ
দশমিনা উপজেলায় গণঅধিকার পরিষদের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (তারিখ) বিকেল ৪টায় দশমিনা পরিষদ মাঠে আয়োজিত এ শোক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসুর ভিপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনের মনোনীত প্রার্থী নুরুল হক নুর।
শোক সভায় বক্তব্যে ভিপি নুর বলেন, “কোনো ভয় পাবেন না, হুমকি-ধামকিতে কাবু হবেন না। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি।” তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং এই আসনে বিএনপির সমর্থন পাওয়ায় বিপুল ভোটে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দশমিনা ও গলাচিপা উপজেলাকে একটি পাইলট প্রকল্প হিসেবে গড়ে তুলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, চিকিৎসা ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচন করতে চান। এ অঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য পটুয়াখালী, বরিশাল কিংবা ঢাকায় ছুটতে হয় উল্লেখ করে তিনি নিজ অর্থায়নে একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি মেধাবী ক্রীড়াবিদদের জাতীয় পর্যায়ে তুলে আনার উদ্যোগ নেওয়ার কথাও জানান।
ভিপি নুর বলেন, “বিএনপি থেকে যেহেতু সমর্থন পেয়েছি, ট্রাক প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে। আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই—বিএনপির প্রার্থী না দিয়ে আমাকে সমর্থন দেওয়ার জন্য।” তিনি দাবি করেন, জনগণের অধিকার আদায়ে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ওসিদের সঙ্গে লড়াই করেছেন এবং প্রশাসনের কাছে সাধারণ মানুষকে হয়রানি না করার আহ্বান জানিয়েছেন।
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের ঢাকা দক্ষিণ মহানগরের সহ-সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ইখতিয়ার কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, জেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব শাহ আলম শিকদার, যুগ্ম সদস্য সচিব সাদ্দাম মৃধা প্রমুখ।
শোক সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।