
পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু সাইদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার দশমিনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু সাইদ ওই গ্রামের শামীম মোল্লার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ঘরের মধ্যে খেলা করছিল আবু সাইদ। এ সময় তার মা দুপুরের খাবার রান্নায় ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবাই অগোচরে ঘর থেকে বের হয়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন এবং ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে বাড়ির পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদা নাসরিন জিতু তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবিদা নাসরিন জিতু জানান, দুপুর ১টা ২০ মিনিটের দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


